রাজারহাটে ভারি বৃষ্টিপাতে জনদুর্ভোগ
- সময়: ০১:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৬২

রাজারহাট(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
গত ৬ দিন থেকে (১৯ সেপ্টেম্বর) অবিরাম বর্ষণে কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারি বর্ষণের ফলে তিস্তা নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। উজান থেকে পাহাড়ি ঢল নেমে এলেই আবারও বন্যা হতে পারে। বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আমন ক্ষেতসহ সবজি ক্ষেত নিয়ে কৃষকরা দুঃশ্চিন্তায় পড়েছে। সেই সঙ্গে বিপাকে পড়েছেন এখানকার শ্রমজীবী মানুষ।
রিকশাচালক,ভ্যানচালক,দিনমজুরসহ কৃষি কাজে নিয়োজিত শ্রমিকরা খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না।
রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় উপজেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামের অটোরিকশাচালক কুদ্দুস বলেন, সারাদিনে মাত্র ৩০০ টাকা ভাড়া পেয়েছি। তা দিয়ে কিস্তি দিয়েছি। বাজার করার কোনো টাকা নেই। আজ তো খুব খারাপ অবস্থা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ঘর থেকে মানুষ না বের হলে ভাড়া পাবো কেমনে? এমন আর দু দিন থাকলে আমরা গরীব মানুষগুলোর বিপদে পড়বো। একই ইউনিয়নের বাদশা মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টি। কাজ কাম বন্ধ। টাকার চিন্তায় কিছু ভালো লাগে না। রাত পোহালে কিস্তি। ঘরে বাজার নেই। খুব দুঃশ্চিন্তায় আছি।
এভাবে বৃষ্টি হলে মানুষের চলাফেরা কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,গত দু’দিন ধরে হালকা ও মাঝারী ধরনের বৃষ্টি হচ্ছে। কমপক্ষে আরও দু-দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














