
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিষিদ্ধ চায়না জাল ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করে পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, “সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্য সম্পদ রক্ষায় চায়না জালসহ সব ধরনের অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এসব জালের কারণে মাছের বংশবিস্তার ধ্বংস হয় এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
একই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “চায়না জাল ব্যবহারের ফলে নদী-খাল ও জলাশয়ের পোনা মাছ ধ্বংস হয়ে যায়। এতে দেশের মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধ হলে নদী-খালসহ বিভিন্ন জলাশয়ে মাছের প্রজনন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় জেলেরা উপকৃত হবেন এবং দেশের মাছের উৎপাদনও বাড়বে।