
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নামিবিয়ার তারকা অলরাউন্ডার ডেভিড ভিসা।
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ঘটলেও বাবার জন্মসূত্রে নিজের জন্মভূমিকে বিদায় বলে পাঁড়ি জমিয়েছিলেন নামিবিয়ায় । গত কয়েক বছর ধরে দলটির হয়ে ক্রিকেটও খেলে আসছিলেন ডেভিড ভিসা। যেখানে নামিবিয়ার মতো দলকে বিশ্বকাপে তুলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন এই অলরাউন্ডার । তবে গতকাল চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষের পর জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে আর পা পড়ছে না ভিসার।
গতকাল সংবাদ সম্মেলনে নিজের বিদায় নিয়ে ভিসা বলেন, ‘হ্যাঁ হ্যাঁ, এখনকার জন্য (সেটিই)। মানে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও দুবছর বাকি, এখন আমার বয়স ৩৯ বছর। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার খুব বেশি অবশিষ্ট আছে বলে মনে হয় না। এখনো খেলতে পছন্দ করি, হয়তো আরও দুই বছরের মতো খেলব।’
২০১৩ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় ভিসের। নামিবিয়া ও সাউথ আফ্রিকা মিলে এক দশকের ক্যারিয়ারে ৫৪ টি-টোয়েন্টিতে ৬২৪ রান করেছেন ভিসে। বল হাতে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারের শিকার ৫৯ উইকেট। এ ছাড়া ১৫ ওয়ানডেতে ৩৩০ রানের পাশাপাশি ১৫ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ভিসে। আইপিএলের পাশাপাশি পিএসএল, বিপিএল ও সিপিএলের মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে তার।