
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট'২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর শহর শাখার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজই দেশের প্রকৃত সম্পদ। প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ হয়ে, বহুপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে। তরুণদের নৈতিকতা, দেশপ্রেম এবং আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে হবে।” তিনি তরুণদের আহ্বান জানান— নিজ নিজ দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে জাতি গঠনে নেতৃত্ব দিতে।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি একটি দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয় এবং সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে কাজ করে, তবে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করা সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শেষে দেশ, জাতি এবং তরুণ প্রজন্মের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সমাবেশে দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আগত শত শত তরুণ-যুবক অংশগ্রহণ করেন। প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হওয়া এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন উদ্যমে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।