
আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবং মিসরের মোহাম্মদ সালাহর মতো তারকা ফুটবলার জায়গা পেলেও অবাক করা বিষয় তালিকায় নাম নেই গতবারের বর্ষসেরা খেলোয়াড় আদেমোলা লুকম্যান।
ক্লাব এবং জাতীয় দলের পারফরম্যান্সের বিচারে ঘোষণা করা হয় আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলারের নাম। যেখানে সবচেয়ে বেশি এগিয়ে থাকা দুই তারকা হাকিমি এবং মোহাম্মদ সালাহ। মৌসুমের শুরু থেকে দারুণ পারফরম্যান্স করা হাকিমি ফরাসি ক্লাব পিএসজির হয়ে একাধিক শিরোপা জিতেছেন। তাছাড়া চ্যাম্পিয়ন লিগের শিরোপা জয়েও বড় অবদান আছে এই তারকা ফুটবলারের। এইদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের সাথে টুর্নামেন্টের গোল্ডেন বুট ও জিতেছেন ২০১৭ এবং ২০১৮ সালের বর্ষসেরা আফ্রিকান ফুটবলার মোহাম্মদ সালাহ।
বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইলিমান এনদিয়ায়ে ও টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার পাপে মাতার সার। এছাড়াও তালিকায় রয়েছেন ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন।
সেরার দৌড়ে আরও রয়েছেন ক্যামেরুনের মিডফিল্ডার আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গিসা, কঙ্গো ডি আর-এর স্ট্রাইকার ফিস্টন মায়েলে, গ্যাবনের ফরোয়ার্ড ডেনিস বুয়াঙ্গা, গিনির স্ট্রাইকার সেরহু গিরাসি এবং মরক্কোর মিডফিল্ডার ওসামা লামলিউই।