
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের মেম্বর আম্বিয়া খাতুন লাকিকে মারধর করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতিকের পোস্টার টাঙ্গাতে গিয়ে প্রতিপক্ষরা তাকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ইউপি সদস্য লাকি। এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাদপুকুর গ্রামের বকুলতলায় ঈগল মার্কার পোস্টার টাঙাচ্ছিলেন আম্বিয়া খাতুন লাকি। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের ছেলে আশরাফুল ইসলাম, একই গ্রামের শরিফুল ইসলাম, পিয়াশ, পলাশ ও ডহরপুকুর গ্রামের ইকবাল ঘটনাস্থলে পৌছে বাদানুবাদে লিপ্ত হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে তারা মহিলা মেম্বর লাকিকে বেধড়ক পিটিয়ে আহত করে।
এ ঘটনার প্রতিবাদ করায় আসামীরা কাবিল নামে এক গ্রামবাসিকেও মারধর করে। মহিলা মেম্বর লাকি জানান, তিনি ঈগল মার্কার পক্ষে কাজ করছেন। এ কারণে নৌকার লোকজন তাকে হুমকী দিচ্ছে। তিনি বলেন, আমি ঝিনাইদহ সদর হাসপাতলে ভর্তি ছিলাম। বুধবার বিকালে আমাকে রিলিজ করে দিয়েছে। এ বিষয়ে সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, মহিলা মেম্বর যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। সে একটু আবেগ নিয়ে চলে। তাকে কেউ মারধর করেনি।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এ ঘটনায় মহিলা মেম্বর একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।