
কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরসালিন শেখ (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোড়াই রঘুরায় পাইকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণসহ বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিলেন মোরসালিন শেখসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হিসেবে মোরসালিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।"