
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরাঞ্চল বজরা ইউনিয়নের খামার দামার হাট চরে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট ২০২৫) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়।
জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে ৯০ থেকে ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নয়ন কুমার সাহা।
চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হারুনর রশীদ। তিনি প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা যাচাই করে যথাযথ ব্যবস্থাপত্র প্রদান করেন।
ক্যাম্পে সাধারণ রোগ যেমন ঠান্ডা, জ্বর, ব্যথা, উচ্চ রক্তচাপ, চর্মরোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। নারী, পুরুষ ও শিশু—সব বয়সের রোগীদের সেবা দেওয়া হয়েছে এই আয়োজনে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা ক্যাম্প কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা জানান, এমন উদ্যোগ চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
চিকিৎসা নিতে আসা অনেকেই সন্তুষ্টি প্রকাশ করে জানান, প্রতিনিয়ত চিকিৎসা পাওয়া তাদের জন্য কষ্টসাধ্য হলেও এই ধরনের ক্যাম্প তাদের জন্য আশার আলো হয়ে আসে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের ফলে চরাঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।