উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
লাইট হাউজ-এর আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন চিলমারি প্রেসক্লাবের সভাপতি সাবু মিয়া, উলিপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মনজুরুল হান্নান, লক্ষণ সেনগুপ্ত প্রমুখ।
মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন লাইট হাউজের প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় দুর্যোগকালীন সময়ে সাংবাদিকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ জাকির হোসাইন।
অনলাইনে যুক্ত হয়ে দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।
উল্লেখ্য, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ সংবেদনশীল এবং লিঙ্গভিত্তিক সহনশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।