
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙনের শিকার এক অসহায় বৃদ্ধার করুণ আকুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা মোবাইল ফোনে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলছেন—
“বাবা, আমার ঘরবাড়ি সব পানিতে ভেঙে যাচ্ছে। আমার কেউ নাই, যে আমার ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নেবে। আমি এখন কোথায় যাব বাবা?”
হৃদয়বিদারক এই আহ্বান ইউএনওকে নাড়িয়ে দেয়। বিষয়টি জানার পর বুধবার ১৩ আগস্ট সকালে তিনি নিজেই ঘটনাস্থলে ছুটে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং তার অবস্থার খোঁজখবর নেন। ১৪ তারিখ সকালে সাময়িক সহায়তা হিসেবে ওই বৃদ্ধাকে দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেন।
স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নয়ন কুমার সাহা'র এই তাৎক্ষণিক মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে তারা জানান, নদী ভাঙনে প্রতিদিনই মানুষ গৃহহারা হচ্ছে, জমি হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে। সাময়িক সহায়তা কষ্ট লাঘব করলেও মূল সমস্যার সমাধান হয় না। দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান ছাড়া নদী ভাঙন প্রতিরোধ সম্ভব নয় বলে দাবি তাদের।
উল্লেখ্য, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে উলিপুরের বিভিন্ন এলাকায় প্রতিবছর শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ক্ষতিগ্রস্তরা বহুবার আন্দোলন করলেও কার্যকর পদক্ষেপ এখনও বাস্তবায়িত হয়নি।