
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আহসান হাবিব পাভেল (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বুড়াবুড়ি বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পাভেল উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের সাহেবর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন “ছাত্রলীগ”-এর উলিপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, পাভেল দীর্ঘদিন ধরে “ফ্যাসিস্ট আওয়ামী লীগ” নামে একটি লিফলেট বিতরণ ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে শিক্ষার্থীদের মারধর, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাভেলের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।