উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুমোদনের চেয়ে বেশি গাছ কর্তনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩১ জুলাই শুক্রবার, সরকারি অফিস ছুটির দিনে এই গাছ কাটার কাজটি গোপনে সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ব কালুডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে নিলামে উল্লেখিত ১০টি গাছ কাটার অনুমতি থাকলেও বাস্তবে কাটা হয়েছে ১৪টি গাছ। এতে করে বিদ্যালয়ের পরিবেশ বিপর্যস্ত হয়েছে এবং জনমনে প্রশ্ন উঠেছে, অনুমতির বাইরে অতিরিক্ত গাছ কাটার সাহস কার?
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ও ছুটির দিনকে কাজে লাগিয়ে এই অবৈধ কার্যক্রম চালানো হয়েছে। অনেকেই ধারণা করছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট কোনো প্রভাবশালী মহলের মদদেই এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা বলেন, দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটবে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও সরকারি সম্পদের সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।