
কুড়িগ্রাম প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল খালেকের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এসময় তারা পূজারিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব স্বপন কুমার সাহা, কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজলসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে আবদুল খালেক ৬টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজা উদযাপনকারীদের উৎসব আনন্দে সামিল হন। বিএনপির এই সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুদান প্রদানকালে আবদুল খালেক বলেন, “বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বিভিন্ন ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, বিএনপির পক্ষ থেকে এই ধরণের কার্যক্রম সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং ধর্মীয় উৎসবে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।