শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার আর নেই। শনিবার দিবাগত রাত ১টার দিকে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন বিএনস্থির আহবায়ক এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল-এর পিতা।
রোববার বেলা আড়াইটায় উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারা মধুপুর নিজ বাড়ির আঙিনায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজার আগে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব সরদার, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, সদস্য সচিব খাইরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।