
কর ফাঁকির অভিযোগে স্পেনের আদালতে এক বছরের কারাদণ্ড পেয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং বর্তমান ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলোত্তি।
কয়েক মাস আগেই স্পেন ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কার্লো আনচেলোত্তি। তবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেও সাবেক এই মাদ্রিদ কোচের নামে মামলা আছে স্পেনের আদালতে। যে মামলার শাস্তিটা এইবার পেয়ে গেছেন তিনি। কর ফাঁকির মামলায় আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত।
মূলত এই কর ফাঁকির অভিযোগ আনা হয় ২০১৪ সালে। তখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয় করেন। যার ওপর কর দেননি বলে অভিযোগ করা হয়।
২০২৪ সালের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। তবে আনচেলত্তি এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে শাস্তি পেতেই হচ্ছে।
এইদিকে স্পেনের আইন অনুযায়ী অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে সাধারণত কোনো অপরাধীকে জেলে যেতে হয় না। তবে সেইক্ষেত্রে জরিমানা গুনতে হবে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে।