
রংপুরের কাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় উপজেলার ৩ নম্বর কুর্শা ইউনিয়নের আমির আলী চত্বর, মীরবাগ বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩ নং কূর্শা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মহিদুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন।
কর্মসূচিতে বক্তারা অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, গবাদিপশুদের সময়মতো টিকা প্রদান ও মৃত প্রাণীর মাংস বা চামড়া ব্যবহারে সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
স্থানীয় কৃষক, খামার মালিক ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।