
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
বিএনপি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য মো. মোশারফ হোসেন মামুন, বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান হীমু, মো. ফিরোজ হোসেন, আতিকুর রহমান, কালাম খান, স্বেচ্ছাসেবকদল নেতা বাবলু খান, শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা কামাল সরদার, দিদার হাওলাদার ও ছাত্রদল নেতা রাকিব হোসেন প্রমুখ।
ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর করে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে স্থানীয় মারুফ সরদার, মামুন, শাহ আলী ও মুন্নাসহ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবদল নেতা কামাল হোসেনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও আরো কয়েকজন বিএনপি নেতা আহত হন।
পরে কামাল হোসেন থানায় মামলা দায়ের করলে অভিযুক্তরা উল্টো তাদের বিরুদ্ধেই হয়রানিমূলক মামলা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে এ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
যুবদল নেতা কামাল হোসেন বলেন, “আওয়ামী লীগের দোসর মারুফ সরদার আমাদের নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত মারুফ সরদার বলেন, “অভিযোগকারীরা নিজেরাই তাদের অফিস ভাঙচুর করে আমাদের নামে মামলা দিয়েছে। আমাদের দোষারোপ করে লাভ নেই, আসল দোষর ওরাই।”
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সোহেল রানা জানান, “দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি মামলা নেয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।”