বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম শহর শাখার আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় শহর শাখার আমীর আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মাওলানা মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামীর রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, "যেনতেন নয়, দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।" তিনি আরও বলেন, "প্রয়োজনীয় সংস্কার ছাড়া ফ্যাসিবাদের রেখে যাওয়া প্রশাসনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার। তিনি বলেন, "জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, নারী-পুরুষ সকলেই সমান অধিকার ভোগ করবে। কাউকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হবে না।" এ সময় তিনি একটি নৈতিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুড়িগ্রাম শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে কুড়িগ্রাম কালচারাল একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটির সমাপ্তি হয়।