
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে নারী সাংবাদিক সুলতানা রাজিয়া নিজ পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতন ও হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২৫) তিনি উলিপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজিয়া উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের মুন্সি পাড়ার মৃত কেবারত উল্লাহর কন্যা। দীর্ঘদিন ধরে মায়ের সূত্রে পাওয়া জমি নিয়ে তার সঙ্গে বড় ভাই মো. রফিকুল ইসলাম (৫৫), ভাবি মোছা. রোজিনা বেগম শিল্পী (৫০) এবং ভাতিজা মো. আলিফ হোসেন শাওন (২৫)-এর বিরোধ চলে আসছিল। এই জমিতে রাজিয়া একটি সুপারি বাগান তৈরি করেছিলেন এবং টিন দিয়ে চারপাশে ঘেরা রাখেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী পরিবার দীর্ঘদিন ধরে ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে সালিশের সিদ্ধান্ত অমান্য করে গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে বিবাদীগণ লাঠি, লোহার রড ও সাবল নিয়ে টিনের বেড়া ভেঙে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে বলে অভিযোগ করেছেন রাজিয়া। এসময় তাকে মারধর ও প্রাণনাশের হুমকির মুখেও পড়তে হয়।
এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পেতে তিনি থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে উলিপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।
সুলতানা রাজিয়া স্থানীয় দৈনিক “চারিদিকে প্রতিদিন”-এর সাংবাদিক। তিনি দাবি করেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছে, যা তার পেশাগত কাজ ও ব্যক্তিগত জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।