
লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড়ে ডিউটিরত অবস্থায় কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা মালিকের কাছে ফেরত দিয়েছেন হাতীবান্ধা থানার পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবীর উপস্থিতিতে তার কক্ষে টাকার মালিক আব্দুল হাকিমের হাতে হারিয়ে যাওয়া ৪৪ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার আব্দুল হাকিম যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ভুলবশত তা ব্যাংকের সামনেই পড়ে যায়। দায়িত্ব পালনের সময় টাকা দেখতে পেয়ে পুলিশ সার্জেন্ট সোহাগ তা নিজের কাছে রেখে দেন এবং প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণ পর ব্যবসায়ী আব্দুল হাকিম পুলিশ সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করলে ওসি’র কক্ষে টাকা তার হাতে তুলে দেওয়া হয়।
আব্দুল হাকিম জানান, “টাকা ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি। আল্লাহ সার্জেন্ট সোহাগকে ভালো রাখুন।
পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী বলেন, “পেশাগত দায়িত্ব পালনের সময় টাকা পেয়ে আমি তা রেখে দিয়েছিলাম। পরে মালিকের সঙ্গে যোগাযোগের পর থানায় নিয়ে এসে তার হাতে বুঝিয়ে দিলাম। তিনি খুব খুশি হয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, “পুলিশ সবসময়ই জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে। সার্জেন্ট সোহাগের মানবিকতার কারণে আমরা গর্বিত। বাংলাদেশ পুলিশ সর্বদা মানুষের সেবায় নিয়োজিত।