
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন প্রত্নতত্ত্ব বিভাগ ও মার্কেটিং বিভাগের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রত্নতত্ত্ব বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসমত আলী এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বরকতউল্লাহ।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৩ মিনিট অতিবাহিত হওয়ার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলকিপারের বল ধরাকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মার্কেটিং বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাফায়েত রহমান মাঠের বাইরে থেকে দৌড়ে এসে প্রত্নতত্ত্ব বিভাগের গোলকিপার হাসমত আলীর ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং দুই বিভাগের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।
আহত শিক্ষার্থী হাসমত আলী বলেন, “আমি বল ধরার পর হঠাৎ পিছন থেকে কয়েকজন এসে আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই মাঠের বাইরে থেকে এক সন্ত্রাসী এসে আমার ওপর হামলা চালায়। পরে জানতে পারি, সে মার্কেটিং ১৪তম আবর্তনের শিক্ষার্থী।”
অন্য আহত শিক্ষার্থী বরকতউল্লাহ বলেন, “পরিস্থিতি সামাল দিতে গেলে আমাকেও মারধর করা হয়। আমাকে মাঠে ফেলে লাথি ও ঘুষি মারা হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী শাফায়েত রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক জনাব সৌরভ উদ্দিন মাঠে উপস্থিত হয়ে খেলা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আজকের খেলা স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, আহত দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।