নিজস্ব প্রতিবেদন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি পেয়ে জয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন ৬১ জন, জাতীয় পার্টি থেকে ১১ এবং অন্য দল থেকে ৩ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে একটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, ২৯৮ আসনের নির্বাচনে প্রার্থী ছিল ১ হাজার ৯৬০ জন। এবং প্রদত্ত ভোটের হার ছিল ৪১ দশমিক ৮ শতাংশ। অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া কেন্দ্রটির ভোটগ্রহণ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।