গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বিএনপির গণজমায়েতে গিয়ে জুমারবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব স্বপন সরদার আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আব্দুল মন্নাফ আলমগীরকে প্রকৃত ঘটনা তদন্তপূর্বক ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক পত্রে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, আজ মঙ্গলবার গাইবান্ধা পৌর পার্কে জেলা বিএনপির বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য উপজেলার ন্যায় সাঘাটা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সমাবেশ চলাকালে পৌর পার্কের দক্ষিণ গেটের নিকট দলীয় প্রতিপক্ষের লোকজনের হাতে লাঞ্ছিত ও মারপিটের শিকার হন ওই যুবদল নেতা স্বপন। আহত স্বপন গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।