গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি শুকনা গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
আটককৃতরা হলেন—রাজন হোসেন (২০), পিতা: মতিউর রহমান; আল-আমিন বিশ্বাস (৪২), পিতা: মৃত হোসেন আলী এবং আয়েশা খাতুন (৩২), স্বামী: আল-আমিন হোসেন। তারা সকলেই পাবনা জেলার ইশ্বরদী থানার বহরপুর গুচ্ছগ্রাম (আশ্রয়ণ প্রকল্প) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ-বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে প্রতিজনের শরীরে বিশেষ কায়দায় (বডি ফিটিং) লুকানো অবস্থায় ২.৫ কেজি করে মোট ৭.৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।