
কুড়িগ্রাম
উত্তরের প্রত্যন্ত জনপদ কুড়িগ্রামের উলিপুরে শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও এম এ মডেল ইংলিশ ভার্সন স্কুল। প্রিন্সিপাল আব্দুল হাই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, ধর্মীয় মূল্যবোধ এবং কুরআনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হয় নাজেরা সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। সুশৃঙ্খল আয়োজনে ছিল হৃদয় ছোঁয়া কুরআন তেলাওয়াত, ইসলামিক গজল এবং চারটি ভাষায় (আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু) কোরআন তেলাওয়াতসহ ব্যাখ্যা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপুয়ার খাতা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন বজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াহিয়া জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মসিউর রহমান (আমির, উলিপুর উপজেলা জামায়াতে ইসলামী), মাওলানা আব্দুর রাজ্জাক এবং নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, তবকপুর ফাজিল মাদ্রাসা।
অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে কুরআন শরীফের নাজেরা ছবক প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলেন: হুজাইফা ১, হুজাইফা ২, আরাফাত, শরিফুল, ছামি, সোহার্দ, আব্দুল্লাহ, সাজিদ ও আল ইমরান।
প্রধান অতিথি বলেন, “এই প্রতিষ্ঠানের ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয় সত্যিই প্রশংসনীয়। এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জন্য একটি শিক্ষার মডেল হয়ে উঠতে পারে।”
সভাপতি মাওলানা আব্দুল হাই সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে হৃদয়ে ইসলামের আলো জ্বালানোই প্রকৃত শিক্ষা। এই প্রতিষ্ঠান সেটিই করছে।”
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম বলেন, “আমরা পাঠদানে স্মার্ট বোর্ড, ডিজিটাল কনটেন্ট ও অনলাইন ক্লাসের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার করছি। একই সঙ্গে ধর্মীয়, নৈতিক ও চারিত্রিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিচ্ছি।”
একজন অভিভাবক বলেন, “আমার সন্তান এখানে নৈতিকতা, নামাজ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠছে—এটাই একজন অভিভাবকের সবচেয়ে বড় শান্তি।”
শিক্ষার্থীরাও জানায়, তারা কুরআন শিক্ষার পাশাপাশি ইংরেজি, কম্পিউটার ও সাধারণ শিক্ষায় দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে।
উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা ও এম এ মডেল ইংলিশ ভার্সন স্কুল আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি একটি আলোকবর্তিকা, যা গ্রামবাংলার শিশুদের আধুনিক ও ধর্মীয় শিক্ষায় ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে।