
বিএনপি জামায়াতের ডাকা ৪র্থ দফা অবরোধ কর্মসূচির ২য় দিন সোমবার কুমিল্লার মহাসড়ক ছিল আওয়ামী লীগের দখলে। দিনভর কুমিল্লার কোথাও অবরোধকারীদের দেখা মিলেনি। অবরোধের প্রতিবাদে মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭ টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সৈয়দপুর, আলেখারচর বিশ্বরোড, ঝাগুরজুলি, কোটবাড়ি নন্দনপুর বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।
কুমিল্লা -৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন —কুমিল্লার মানুষ বিএনপি জামায়াতের অবৈধ হরতাল মানে না। দোকান পাট খোলা রয়েছে, গাড়ি চলছে। কুমিল্লা মহানগরীতে যানজট হচ্ছে। মহাসড়কে ট্রাক পুরোদমে চলছে। বাস ছেড়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেত্রী নির্দেশ দিয়েছেন, রাস্তায় থেকে যারা জ্বালাও-পোড়াও করে তাদেরকে প্রতিহত করতে। মহাসড়ক অবরোধমুক্ত রেখেছে। কুমিল্লায় কিছুতেই মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না।
বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান জানাচ্ছি। গনতান্ত্রিক পন্থায় জনগন যে রায় দিবে তা আমরা মেনে নিব। আমেরিকার বাবারা আপনাদেরকে ক্ষমতায় বসাতে পারবে না। আমাদের নেত্রী বিশ্বাস করেন, বাংলাদেশের জনগণই আমাদের শক্তি। কুমিল্লার জনগণের নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা রয়েছে।