
অনুষ্ঠানে হল প্রভোস্ট ও জাহানারা ইমাম হল সংসদের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান নবাগতদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “নতুন একাডেমিক যাত্রার সূচনালগ্নে আমাদের প্রিয় ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।”
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আব্দুর রব। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মনে উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগায়। এ জন্য হল সংসদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
হল সংসদের সাধারণ সম্পাদক রিজওয়ানা বুশরা বলেন, “হল শুধু থাকার জায়গা নয়, বরং এটি শেখা, বেড়ে ওঠা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধের একটি পরিবার। আমরা মিলে একটি শিক্ষাবান্ধব ও সুন্দর পরিবেশ গড়ে তুলব।”
এছাড়া হল সংসদের সহ-সভাপতি মাহমুদা খাতুন নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোমাদের আগমনে আমাদের হল আরো প্রাণবন্ত হয়ে উঠবে। আমরা একসাথে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করব।”