
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে সারাজীবন থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ডাসার উপজেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, “তারেক রহমান স্বজন হারানোর কষ্ট বোঝেন। তাই শহীদ ও আহতরা বিএনপির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে স্মরণীয় থাকবেন।” বক্তব্যকালে তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ দোয়া মাহফিলে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।