
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুলাই) দুপুরে রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ মামুন মিয়া ও মনজু মিয়ার কবর জিয়ারত করেছেন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে পৃথক দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ ও উপজেলা নায়েবে আমির আবুল হাশেম।
কবর জিয়ারতে অংশ নেন উপজেলা জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, সেক্রেটারি মোস্তাফিজার রহমান, ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদ, সেক্রেটারি মুশফিকুর রহমান, জামায়াত নেতা খুরশিদ আলম ও আমিন উল্ল্যাহ এবং শহিদ মামুনের বাবা আজগার আলী ও শহিদ মনজুর বাবা এনছার আলীসহ আরও অনেকে।
উল্লেখ্য, গার্মেন্টস ব্যবসায়ী মামুন মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট এবং রিকশাচলক মনজু মিয়া ২০২৪ সালের ২০ এপ্রিল ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন।
শহিদ মনজুর বাবা এনছার আলী বলেন, আমার ছেলে শহিদ হয়েছে। এতে আমার কোনো দুঃখ নেই। তাদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি। তাতেই আমি খুশি।
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল বলেন, জুলাই গণঅভূত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কবর জিয়ারত ও শহিদ পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি।