
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেস।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলা শ্রমিক দল আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ডালেস বলেন, আমরা গর্ব করি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। আমরা অন্যায় করি না, অন্যায় সহ্যও করি না। বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে—সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সবাইকে বিএনপির পক্ষে কাজ করতে হবে, যাতে আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে।
পথসভায় অংশ নেওয়ার আগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, সদস্য সচিব এনামুল হকসহ অন্য নেতৃবৃন্দ। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।