
অন্তর্র্বতীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। ইতোমধ্যে প্রকল্পের মাঠপর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। বাস্তবায়নের জন্য উভয় দেশের সম্মতি প্রয়োজন। আমরা ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গেছি।”
আসন্ন ১৭ জুলাই প্রকল্পের মূল পাঁচটি বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর প্রস্তাবনা যাবে সরকারের কাছে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) চূড়ান্ত করে তা পাঠাবে চীনা কর্তৃপক্ষের নিকট। বিস্তারিত রিপোর্ট গৃহীত হলেই শুরু হবে বাস্তবায়নের কাজ।
সৈয়দা রিজওয়ানা হাসান বিমানবন্দর থেকে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী, এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।