
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদিবাসী পাড়ার শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমা গুচ্ছগ্রাম সংলগ্ন আদিবাসী পাড়ার শতাধিক মানুষ খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পশ্চিম ভোগডোমা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, ‘নূরনবী গ্যাং’ নামে পরিচিত একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাঠটি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছে। শিশু-কিশোরদের একমাত্র বিনোদন ও ক্রীড়া চর্চার জায়গা হওয়ায় মাঠটি রক্ষা করা এখন সময়ের দাবি।
তারা আরও জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হয়। কিন্তু মাঠ দখল হয়ে গেলে কিশোররা বিপথে চলে যেতে পারে। এজন্য মাঠ রক্ষা করা শুধু খেলাধুলার জন্য নয়, সমাজ রক্ষার জন্যও জরুরি।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান, দ্রুত মাঠ দখলচেষ্টা বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে এবং মাঠকে সরকারি খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করতে হবে।
এসময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি মাঠ দখলের চেষ্টা চালানো হয় তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে আদিবাসী পাড়ার শিশু-কিশোররা তাদের খেলার মাঠ হারাবে, আর সমাজ হারাবে সুস্থ প্রজন্ম গড়ার পরিবেশ।