লিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি॥
দিনাজপুর শহরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালের দিকে সদর উপজেলার লেবুর মোড় গোলাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়িতে রান্নার সময় সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারপাশ কেঁপে ওঠে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করার চেষ্টা চালান।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তারা সবাইকে সতর্কতার সঙ্গে সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
সতর্কতা: রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।