
লিটন আহম্মেদ, দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াতের শহর ও সদর শাখার উদ্যোগে শহরের ইনস্টিটিউট মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাইনুল আলম। এছাড়াও শহর ও সদর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা জরুরি।”
জামায়াতের ৫ দফা দাবি
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
২. জাতীয় সংসদ ও অন্যান্য নির্বাচনে উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে।
৩. সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং গণদাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।