
দিনাজপুর জেলা প্রতিনিধি: ২৭ জুলাই ২০২৫
দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল ও ওয়ার্ড সদস্যদের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনগণ ও ছাত্রসমাজ। রোববার (২৭ জুলাই) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও মানববন্ধন। এতে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা পরিষদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, পরিষদের কিছু সদস্য দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, বয়স্ক ও বিধবা ভাতা, টিসিবি পণ্য প্রাপ্তি—সব কিছুতেই ঘুষ ছাড়া কোনো সেবা মিলছে না। এমনকি টাকা নিয়েও অনেক সেবা প্রদান করা হয়নি বলে অভিযোগ ওঠে।
এছাড়া পরিষদের কিছু কর্মকাণ্ড সন্ধ্যার পরেও পরিচালিত হয়, যা এলাকাবাসীর কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। মানববন্ধনে আরও অভিযোগ আসে, পরিষদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললে অনেককে হেনস্তা, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
এ বিষয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন দাবি করেন, পরিষদে কাউকে মারধর করা হয়নি। ভাতা সংক্রান্ত তালিকা কমিটির সিদ্ধান্ত অনুসারেই তৈরি হয় এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনকারীরা অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। পুরো ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা।