
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে অবসর গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অথচ আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে বিদায় জানান।
অনুষ্ঠানের শুরুতেই কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক-প্রভাষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা প্রাক্তন অধ্যক্ষকে ফুলেল তোড়া উপহার দেন। বিদায়ী বক্তৃতায় প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থী, সহকর্মী ও প্রশাসনের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিদায়ী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল রাজ্জাকসহ শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তারা, শিক্ষার্থী প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ আনুষ্ঠানিকভাবে কলেজের দায়িত্ব উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল রাজ্জাকের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। দায়িত্বকালীন সময়ে তিনি কলেজের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সমাজে গভীরভাবে প্রশংসিত হয়।
অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বদানের দক্ষতা এবং মানবিক গুণাবলির উচ্চ প্রশংসা করেন। আবেগঘন মুহূর্তে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শুভকামনার মধ্য দিয়ে।