
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঘোষিত প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিরল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বিরল পৌর বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বিরল ও বোচাগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকি ফাঁসি ও নারীদের বিক্ষোভসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, “দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে এভাবে টানা আন্দোলন চলতে থাকায় এলাকা জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে।