দ্রুত নাগালের মধ্যে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে ডায়েরি এবং ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রকাশনা। কিন্তু নতুন বছরের মার্চ মাস অতিবাহিত হতে চললেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডার এবং ডায়েরি প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের নানা দিবস ও ছুটি নিয়ে বিড়ম্বনায় পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা।
রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম ক্লাস, পরীক্ষা, মিড চলছে। কিছুদিন পরেই ঈদের ছুটি শুরু হবে। তবে ঠিক কবে থেকে বিশ্ববিদ্যালয় ছুটিতে যাবে কিংবা কতদিনের ছুটিতে যাবে তার নির্দিষ্ট কোন তথ্য নেই শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। এ নিয়ে বিরম্বনায় পড়ছে শিক্ষার্থীরা। বিশেষ করে যারা উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে দূরবর্তী জেলায় ছুটি কাটাতে যাবেন তারা বাস-ট্রেনের টিকিট কাটা নিয়ে পড়ছেন অনিশ্চয়তায়।
বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী ওমর তারিক বলেন, আমাদের যাদের দূরে বাসা তাদের লম্বা ছুটি ছাড়া সাধারণত বাসায় যাওয়ার সুযোগ হয়ে উঠে না। তাছাড়া বাসের ট্রেনের টিকিটের জন্যও আগাম প্রস্তুতি লাগে। এখন যদি ক্যালেন্ডার থাকতো সহজেই ছুটির তারিখ জানতে পারতাম এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিতে পারতাম। একে ওকে জিজ্ঞেস করে তো আসলে এক্সেক্ট ডেট জানা পসিবল হয় না।
এ বিষয়ে ডায়েরি এবং ক্যালেন্ডার তৈরি কমিটির সদস্য সচিব রেজাউদ্দৌলাহ প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে এ বিষয়ে আমার কাছে আপাতত আপডেট নেই। যিনি কমিটির সভাপতি তিনি এ সম্পর্কে ভালো বলতে পারবেন।
ডায়েরি এবং ক্যালেন্ডার তৈরি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: ইমদাদুল হুদা বলেন, এ বছর আসলে পরিবর্তিত সময় ছিল যার জন্য সব কিছু গুছিয়ে নিতে একটু সময় নিতে হয়েছে। আরেকটা বিষয় সিন্ডিকেট মেম্বার সিলেকশন, আমাদের ডায়েরিতে সিন্ডিকেট মেম্বারদের নাম থাকে তাদের নাম আপডেটেশন করতে কিছুটা সময় নিয়েছে। এর জন্য একটু অপেক্ষা করতে হয়েছে।
তিনি আরও বলেন, আশা করছি ক্যালেন্ডার আগামী রবিবার কিংবা সোমবারের মাঝে পেয়ে যাবো। আর ডায়েরি হয়তো আর এক দেড় সপ্তাহ সময় লাগবে পেতে। আমরা ইচ্ছাকৃত না ঘটনার প্রেক্ষিতে দেরি হয়েছে।