মো. মনির হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলী সেতু ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাত ১২টা ১০মিনিটে উপজেলার সদর ইউনিয়নের দুল্যা-সেহড়াতৈল নামক স্থানে ঘটেছে দুর্ঘটনাটি।
এতে দেলদুয়ার উপজেলা সদরের সাথে টাঙ্গাইল জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সেতুর উভয় পাশে সতর্কতামূল ট্রাফিক সিগনাল নিষেধাজ্ঞা থাকা সত্বেও অতিরিক্ত বালু বোঝাই ড্রাম ট্রাক তুলে দেয়ায় সেতুটি ভেঙ্গে পড়েছে। এর আগেও সার বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙ্গে পড়েছিল। কর্তৃপক্ষের উদাসীনতার কারনেই বার বার ওই স্থানে দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
জানা যায়, শুক্রবার গভীর রাতে ভূয়াপুর থেকে নির্মান কাজে ব্যবহৃত বালু বোঝাই করে ঢাকা মেট্রো- ট ১৩-৫১৫৭ ট্রাকটি দেলদুয়ারের দিকে আসার পথে সেহড়াতৈল বেইলী সেতুটির শেষ প্রান্তে আসলে সেতু ভেঙ্গে ট্রাক খাদে পড়ে যায়। এতে ১জন সামান্য আহত হয় বাকি সবাই সুস্থ আছেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেন। তবে সেতুটি ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত টাকায় নৌকায় পারাপার হতে হচ্ছে। ভোগান্তি লাঘবে দ্রুত সেতুটি সংস্কার করে পারাপার উপযোগী করার দাবি জানিয়েছেন পথচারীরা।
এ ব্যপারে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, আগামি ৭২ ঘন্টার মধ্যে সেতুটি পূনঃস্থাপনের মাধ্যমে সড়ক যোগাযোগ সাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি মেরামত করা হবে।