
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে বিদেশে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি পেয়েছে।সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্যাম্পাস পরিচালনার জন্য অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দুবাইয়ে শাখা ক্যাম্পাস খোলার অনুমোদন চেয়ে গত ২৩ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রস্তাব পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা পর্যালোচনা শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। মূলত সেই চিঠির আলোকেই গত ২ নভেম্বর অনুমতি প্রদান করে মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পরিচালনার বিষয়ে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।
শর্তে হিসেবে বলা হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৪৪ (৬) অনুসারে বিশ্ববিদ্যালয়ের তহবিল বা এর কোনো অংশ দেশের বাইরে প্রেরণ করতে হলে আবশ্যিকভাবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন নিতে হবে। এতদসংক্রান্ত সরকারের সকল আর্থিক বিধি বিধানসহ অন্যান্য বিধি-বিধান অনুসরণ করতে হবে’। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুবাই শাখা ক্যাম্পাসের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দাখিল করতে হবে বলে পত্রে শর্ত দেওয়া হয়।