
দিনাজপুর প্রতিনিধি
দেশের অন্যতম শীর্ষ আঞ্চলিক দৈনিক দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে প্রথম অধিবেশনে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় বক্তারা করতোয়ার দীর্ঘ সাংবাদিকতা যাত্রা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের কথা তুলে ধরার ভূয়সী প্রশংসা করেন।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কেক কেটে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। তৃতীয় অধিবেশনে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পাঠক ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, দৈনিক করতোয়া আগামীতেও সত্যনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার ধারা বজায় রাখবে।
উৎসবমুখর এই আয়োজন দিনাজপুরে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে তুলেছে।