
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের ডাকে এ মানববন্ধনে করেন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের হাতে 'তনু, তানিয়া, নুসরাত, আছিয়া তারপর কে?', 'সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে', 'My body my right, Stop the violence, End the fight', 'বোন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।এবং চলমান ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে না পারলে সরকারের পদত্যাগ দাবি জানান নেতাকর্মীরা।
এসময় জান্নাতুল আফরিনা শাপলা নামের এক নারী শিক্ষার্থী বলেন, আমরা দেশের সব কাজে ছেলেদের পাশাপাশি থাকি। তাহলে কেন ছেলেদের দ্বারা আমরা শাসিত হবো? কেন আমরা রাস্তায় বের হতে পারি না? আমরা কি কবরে গিয়ে নিরাপদ হব? আমাদের নিরাপত্তা কোথায়? আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা ধর্ষকের ফাঁসি চাই। যদি ধর্ষকের ফাঁসি দিতে না-ই পারেন তাহলে আপনাদের কাজ কী?
এসময় শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, বর্তমান সরকার সংস্কারের নামে সম্পূর্ণ অরাজকতা সৃষ্টি করতেছে। তারা ব্যর্থ। এভাবে একটা দেশ চলতে পারে না। নারী জাতি আমাদের সাথে মা, বোন, নানি, দাদি ইত্যাদি সম্মানসূচক সম্পর্ক রয়েছে। আমরা চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানাচ্ছি।
শাখা ছাত্রদলের সদস্য নূর উদ্দিন বলেন, শিশু ও নারী নির্যাতনে আহাজারি দেখে আমরা প্রতিবাদে মাঠে নেমেছি। গত ৫ আগস্ট পর একটা হায়েনার দল বিভিন্নভাবে উস্কে দিচ্ছে। ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলদারিত্ব, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো হীন কাজ নাই যা তারা করেনি। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এর নিন্দা জানাচ্ছি। নারীর নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় মাঠে থাকবে।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমাদের বোনদের কেন ধর্ষণ করা হচ্ছে? যেদিকে তাকায় সেদিকে ধর্ষণ আর ধর্ষণ। মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই, পতিত সরকারের সব কর্মকর্তারা প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ পদে এখনো ঘাপটি মেরে আছে। তাদেরকে অতিদ্রুত চিহ্নিত করতে হবে। অন্তর্বতীকালীন সরকার সংস্কারের নামে সময় খেলাপ করা হচ্ছে, সারাদেশে লুটপাট চলছে। ইবিতেও শিক্ষক দ্বারা নারীরা হেনস্তা হয় কিন্তু তারা লোক লজ্জা ভয়ে বলতে পারে না। অনতিবিলম্ব আমরা ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই। ইসলামী বিশ্ববিদ্যালয় কোনো সাম্প্রদায়িক প্রতিষ্ঠান বা কোনো একক গোষ্ঠীর নই। এখানে সবাই যার যার নিজস্ব সংস্কৃতি চর্চা করবে। কেউ বাঁধা দিতে পারবে না।
আইন উপদেষ্টা আসিফ নজরুল কে ইঙ্গিত করে তিনি বলেন, উনি কি আইনের শাসন দেখেন না? উনি কি সারাদেশে অপকর্ম চোখে দেখেন না? সারাদেশে অপকর্মকাণ্ড অতিদ্রুত থামান, নাহলে পতিত সরকারের মতো পালিয়ে যেতে বাধ্য হবেন। এসময় তিনি ব্যর্থ সরকার হিসেবে আখ্যা দিয়ে পদত্যাগ দাবি জানান।