
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ধাপেরহাট বন্দরের আন্ডারপাসের নিচে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে কৃষকের ফসল ও ফলজ বাগান ধ্বংস করা হচ্ছে। এর আগে বেগুনক্ষেত নষ্ট করা হয়েছিল, এবার আবার আমবাগানে হামলা চালানো হলো। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, সাদুল্লাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, যা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।
ক্ষতিগ্রস্ত কৃষক আলহাজ্ব আব্দুর রহমান (ভোলা হাজী) ও তার ভাই সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ বলেন,
“দীর্ঘ শ্রম আর স্বপ্ন নিয়ে লাগানো বাগান মুহূর্তে শেষ হয়ে গেল। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের বারবার ফসল নষ্ট করে শত্রুতা করা হচ্ছে। থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, যারা কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসল নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ কৃষক চরমভাবে নিরুৎসাহিত হবে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
মানববন্ধন থেকে দ্রুত নাশকতাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।