
শনিবার বিকেলে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ধাপেরহাট ইউনিয়ন সভাপতি মাওলানা তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ সুজন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার টিম সদস্যবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল, তরুণ সমর্থকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয়। কিন্তু বর্তমানে দেশে ন্যায়ের পরিবর্তে অন্যায়, দুর্নীতি ও অবিচার বিস্তৃত হচ্ছে। তাই সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের দাবি।
ইউনিয়ন সভাপতি মাওলানা তৌফিকুর রহমান বলেন, “আমরা জনগণের পাশে আছি, জনগণের কল্যাণে কাজ করতে চাই। এই নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছাতে হবে।”
সভায় ইউনিয়ন সেক্রেটারি মোঃ সুজন সরকার বলেন, “এই নির্বাচনে বিজয় শুধু ব্যক্তির নয়, এটি ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের বিজয় হবে। তাই প্রতিটি কর্মীকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের শেষে সকল নেতাকর্মী ও উপস্থিত সাধারণ জনগণ একযোগে হাত তুলে প্রতিজ্ঞা করেন— আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ।
সভাটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং এলাকাজুড়ে নির্বাচনমুখী উৎসবমুখর আবহ তৈরি হয়।