
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মুগারঝোড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে বিদ্যালয়ের আসবাবপত্র আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী।
২২ জুন (শনিবার) সকাল ১১টায় বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি টলারে করে বেঞ্চ, টেবিল ও সিলিং ফ্যান সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ট্রলারটি আটক করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ রাইসুলকে খবর দেন। সভাপতির উপস্থিতিতে বিদ্যালয়ের আসবাবপত্রগুলো ট্রলার থেকে নামিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে রাখা হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ রাইসুল বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান এখানে যোগদান করার পর থেকে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের অনেক আসবাবপত্র কাউকে না জানিয়ে সরিয়ে ফেলেছেন। এবার হাতেনাতে ধরা পড়লেও তিনি এর সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানকে বিবিদ্যালয়ে পাওয়া যায়নি এবং তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) এস এম মোহাসিন বলেন,আমাদের বিদ্যালয়ের বেঞ্চ,চেয়ার ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা শোনা যায় প্রধান শিক্ষক পার্শ্ববর্তী বৈঠাকাটা আদর্শ বালিকা বিদ্যালয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় এলাকাবাসীর বাধার মুখে সেই আসবাবপত্রগুলো পুনরায় বিদ্যালয়ে এনে সংরক্ষণ করা হয় এবং এখনো সেই অবস্থায় আছে এবং বিগত দিনের বিদ্যালয়ের আসবাবপত্র চুরির ঘটনাগুলি একমাত্র প্রধান শিক্ষকই বলতে পারবেন। এ বিষয়ে আমার কোন ধারণা নেই।
নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম জানান, ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম।বিষয়টি তদন্ত করে দেখা হবে, এমন ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রান্ত মিস্তী
নাজিরপুর পিরোজপুর প্রতিনিধি:
মোবাইলঃ০১৭২২৯৩৫২৯০