
রংপুরের পীরগাছায় নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে মোটর সাইকেলের ধাক্কায় ইয়াকুব আলী (৫৫) নামে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাতদরগা বাজারস্থ সাতঘড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে। তিনি পীরগাছা বাজারের একজন প্রবীণ স্টুডিও ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদশীরা জানান, ইয়াকুব আলী শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামায আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্য বের হন। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় বড়দরগা থেকে পাওটানাহাটগামী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইয়াকুব আলী গুরুত্বর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে জানাযা শেষে তাকে তার নিজ গ্রামে দাফন করা হয়। নিহত ইয়াকুব আলী পীরগাছা বাজারের হাইস্কুল রোডস্থ সাগরিকা স্টুডিও নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
এ বিষয়ে পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, ঘাতক মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং চালকের নামে মামলা হয়েছে।