গাইবান্ধার পলাশবাড়ীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকারের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও হয়রানির অভিযোগ তুলে ধরে অবিলম্বে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পলাশবাড়ী শহরের আল রোমান হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন দৈনিক আলোকিত নিউজ-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. শামীম হাসান এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যুরোচিফ আহসান হাবীব হিন্দোল। তারা অভিযোগ করেন, পাপুল সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি সম্পূর্ণ মিথ্যা মামলা (মামলা নম্বর: ১৫, তারিখ: ৮ জুলাই ২০২৫) দায়ের করে তাদের সম্মানহানি ও পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক শামীম হাসান বলেন, "নবীন সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতিতে পাপুল সরকার আমাদের কাছ থেকে ১ লক্ষ টাকা আর্থিক সুবিধা গ্রহণ করেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পালন না করে উল্টো আরও টাকা দাবি করতে থাকেন এবং আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালান।"
তিনি ঘটনার বিবরণ দিয়ে আরও অভিযোগ করেন, "এই বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে পাপুল সরকার আলোচনার কথা বলে গত ৫ জুলাই আমাদের প্রেসক্লাবে ডেকে নেন। সেখানে তিনি একটি পূর্বপরিকল্পিত ফাঁদ তৈরি করে রেখেছিলেন। আমাদের অজান্তে গোপনে ভিডিও ধারণ করে একটি সাজানো নাটক তৈরি করা হয় এবং সেই নাটককে পুঁজি করে আমাদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলাটি দায়ের করা হয়েছে।"
সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকরা পাঁচটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:
১. অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
২. ষড়যন্ত্রের মূল হোতা পাপুল সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. প্রেসক্লাব থেকে সকল চাঁদাবাজ ও স্বার্থান্বেষী ব্যক্তিকে দূর করতে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।
৪. মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
৫. প্রেসক্লাবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী সাংবাদিকরা সকল গণমাধ্যমকর্মী ও বিবেকবান নাগরিকদের কাছে সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহামুদুল হাসান পলাশ, আহসান হাবীব হিন্দোল, মুজাহিদ মুন্সী, সাংবাদিক সামিউল ইসলাম এবং কাবিলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।