
রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল মোত্তালেব জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে ৯ শতক জমি ভোগদখল করে আসছেন। এ জমি নিয়ে প্রতিবেশী ময়েন উদ্দিন ও জয়নাল আবেদীন গংদের সঙ্গে তার কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি প্রতিপক্ষরা তার ভোগদখলীয় জমির অনেকগুলো গাছ কেটে নেয়—এ ঘটনা থেকে উত্তেজনা আরও বাড়ে।
এর জেরে শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষ ময়েন উদ্দিন গংরা আব্দুল মোতালেবের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাঁধা দিলে মোতালেবের ছেলে মাইদুল ইসলাম (৩৫) কে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আব্দুল মোতালেব বলেন, রাতের অন্ধকারে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আইনি ব্যবস্থা নিচ্ছি।
অভিযুক্ত জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কারও বাড়িতে হামলা করিনি।
এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।