
রংপুরের পীরগাছায় জমি-জমা সংক্রান্ত বিরোধে নিজের খড়ের গাঁদায় আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব বটতলী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত শহর উল্যার বড় ছেলে আজিজুল ইসলামের সাথে তার ছোট ভাই বাদশা মিয়া, আলম মিয়া, আনারুল ইসলাম, আমিনুল ইসলামের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি-জমার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ-বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিসি বৈঠক বসলেও প্রভাবশালী আজিজুল শালিসে হাজির হতেননা। শনিবার সকালে আলম মিয়া গংরা বিবাদমান জমিতে টিনের চালা তুলতে গেলে উভয়পক্ষের মধ্যে ঝগড়া-মারামারি বাঁধে। এক পর্যায়ে আজিজুলের খড়ের গাদায় আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে আলম মিয়া ও অন্যান্য ভাইয়েরা অভিযোগ করেন, তারা গরীব, অসহায় মানুষ। তার ভাই আজিজুল প্রভাবশালী। তাদের পৈতৃক জমি আজিজুল তাদেরকে ঠকিয়ে রাস্তা সংলগ্ন দামি জমি ভোগদখল করেছেন। পক্ষান্তরে তাদেরকে নিচু কমদামি জমি দিয়েছেন। বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধেকে আপত্তি জানিয়ে আসছেন। এ নিয়ে বহুবার শালিস বৈঠক হলেও আজিজুল শালিসে উপস্থিত থাকেননা। আজকে তারা তাদের পৈতৃক জমিতে ঘর তুলতে গেলে আজিজুলের লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে তাদেরকে ফাঁসাতে আজিজুলের ছেলের বউ নিজে তাদের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়।
তবে আজিজুলের স্ত্রী ও ছেলের বউ জানান, বিবাদমান জমি আজিজুল পৈতৃক সূত্রে ও অন্যান্য ভাই-বোনের কাছে কিনে নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। যা ইতোমধ্যে আজিজুল তার স্ত্রী ও ছেলেদের নামে লিখে দিয়েছেন। এই জমি নিয়ে অহেতুক বিরোধ সৃষ্টি করে আজ তারা তা দখল করার চেষ্টা করেছেন এবং তাদের খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছেন।
তবে স্থানীয় লোকজন বলছেন, আজিজুলের ছোট ভাইগুলো সবাই গরীব। অনেকে অন্যের জমিতে থাকছেন। আজিজুল তার ভাইদের ঠকিয়ে রাস্তা সংলগ্ন দামি জমি ভোগদখল করছেন। শালিসি বৈঠকেও আজিজুল হাজির হয়নি। আজ তারা নিজের খড়ের গাদায় নিজেরাই আগুন লাগিয়ে তার ভাইদের উপর দায় চাপাচ্ছেন। তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম জানান, তিনি এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে আগুন লাগার ঘটনাতে আজিজুল ইসলামের প্রতিপক্ষদের সংশ্লিষ্টতার কোন সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে তারা কোন লিখিত অভিযোগও পাননি।