
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় “জুলাই স্মৃতি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা”-এর ফাইনাল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ফুলবাড়িয়া বিতর্ক সংসদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় পলাশীহাটা স্কুল অ্যান্ড কলেজ। প্রধান অতিথি জনাব আরিফুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের সৎচিন্তা, নৈতিকতার দৃঢ়তা এবং মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ প্রতিনিধি ইদ্রিস আলী খান, শিক্ষক জয়নুল আবেদীন বাচ্চু, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর হাসান আসিফ, মাহবুব হাসান, মোতালেব হোসাইন, তাহছিনুল আবরার লিছান, ইবনে কাসির তারেক ও রেজোয়ান আহমেদ জিসান প্রমুখ।
সভাপতিত্ব করেন বিতর্ক সংসদের সভাপতি মইনুদ্দিন খান সিফাত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমরান হাসান।
অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।